Monday, 07 September 2026

খুলনায় ‘ভয়ংকর’ আরমান গ্রেপ্তার, দৌলতপুরে মিলল অস্ত্র

📅 07 Sep 2026 🕒 02:16 PM 👁️ 25 বার দেখা
খুলনায় ‘ভয়ংকর’ আরমান গ্রেপ্তার, দৌলতপুরে মিলল অস্ত্র

সাতক্ষীরা বিডি ডেস্ক: একাধিক হত্যা মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (৬ সেপ্টেম্বর) ফরিদপুরের বোয়ালমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। র‍্যাব জানিয়েছে, আরমানকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার দৌলতপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, পুলিশের সাম্প্রতিক অভিযান ও তৎপরতা বাড়ার পর পরিবারসহ খুলনা থেকে চলে যান আরমান। এরপর ফরিদপুরের বোয়ালমারীতে আত্মগোপনে ছিলেন তিনি। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রোববার দুপুরে সেখানে অভিযান চালায় র‍্যাব। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আরমানকে খুলনার দৌলতপুর এলাকায় নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। র‍্যাবের দাবি, দৌলতপুর থানার অধীনে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য রয়েছে। তার প্রভাব ও ভয়ের কারণে অনেকেই তার বিরুদ্ধে মামলা করতে সাহস করতেন না বলেও জানিয়েছে র‍্যাব।

এ ছাড়া দৌলতপুর এলাকায় একটি মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের ওপর গুলি চালানোর ঘটনাতেও আরমানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে র‍্যাব।

পুলিশ সূত্র জানায়, গত ২৪ জুন ভোরে খুলনার একটি মসজিদের ভেতরে ঢুকে দুই ব্যক্তিকে গুলি করে সন্ত্রাসীরা। এতে ব্যবসায়ী লোকমান হাকিম ও আলম শেখ (৫৫) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়।

পরে সাজ্জাদ হোসেন নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মসজিদের ওই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আরমান।

থানা সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ মে আরমানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, আগ্নেয়াস্ত্র ও দস্যুতাসহ অন্তত সাতটি মামলা রয়েছে। ওই বছরের ২৮ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। এরপরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার নাম জড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ১৬ মার্চ দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিকুল আনাম রাশুকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসী নাসিমুল গণি ওরফে নাসিম এবং আরমানের নাম উঠে আসে।

আরমানের গ্রেপ্তার এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়ে সোমবার সকালে প্রেস ব্রিফিং করবে র‍্যাব-৬, খুলনা। ব্রিফিংয়ে র‍্যাব-৬-এর উপ-অধিনায়ক ও সিপিএসসি কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম উপস্থিত থাকবেন।

এই নিউজটি শেয়ার করুন
📘 Facebook 𝕏 X 🟢 WhatsApp
✓ ছোট নিউজ লিংক কপি হয়েছে