Saturday, 24 October 2026
ব্রেকিং নিউজ
স্বামীকে হত্যার পর ড্রামে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ◆ পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা, চ্যাটে ফাঁস হলো রহস্য ◆ আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ ◆ কালিয়াকৈরে তরুণীর মৃত্যু, ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার ◆ ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার ◆ নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার। ◆ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ◆ চাঁদপুরে ভিন্নধর্মী উদ্যোগ: মাদক ছেড়ে তাবলিগে গেলেন দুই কারবারি ◆ কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ ◆ ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার ◆
সারাদেশ

দারিদ্র্য আর অসুস্থতার মাঝেও ৬৫ বছরের সংসার, একে অপরকে আঁকড়ে বেঁচে আছেন সাজু-নূরজাহান 🖨️ প্রিন্ট নিউজ

📅 14 September 2026 • 🕒 02:22 PM • 👁 64 বার
newsadminbd
newsadminbd Admin

বিস্তারিত

🖨 প্রিন্ট নিউজ

নিউজ সাতক্ষীরা বিডি ডেস্ক:
অভাব-অনটন, বার্ধক্য আর অসুস্থতা—জীবনের শেষ প্রান্তে এসে এসবই যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে শেরপুরের বয়োবৃদ্ধ দম্পতি সাজু শেখ (৮০) ও নূরজাহান বেগমের। দীর্ঘ ৬৫ বছরের দাম্পত্য জীবনে আর্থিক স্বচ্ছলতা তাদের ভাগ্যে জোটেনি। তবে কঠিন সময়েও একে অপরের হাত ছাড়েননি তারা।

অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেন না, অনেক সময় প্রয়োজনীয় খাবারও জোটে না। তবুও শেষ বয়সে এসে পরস্পরকে আঁকড়ে ধরেই দিন পার করছেন এই দম্পতি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অসুস্থ স্ত্রী নূরজাহানকে কোলে নিয়ে খাবারের জন্য সহযোগিতা চাইছেন বৃদ্ধ সাজু শেখ। ভিডিওটি নজরে আসার পর স্থানীয়দের পাশাপাশি জেলা প্রশাসন ও বিভিন্ন ব্যক্তি-সংগঠন তাদের পাশে দাঁড়াতে শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজু শেখ ও নূরজাহান বেগমের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে। মেয়েদের তিনজনেরই বিয়ে হয়ে গেছে। তারা কেউ কেউ মাঝে মধ্যে বাবা-মায়ের খোঁজ নেন। তিন ছেলের মধ্যে একজন করোনার সময় নিখোঁজ হয়ে গেলেও মাঝে-মধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন। আরেক ছেলে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং বছরে দু-একবার বাড়িতে আসেন।

তাদের ছেলে নূর ইসলাম দিনমজুরি ও ঠেলাগাড়ি চালিয়ে নিজের সংসারের পাশাপাশি বৃদ্ধ মা-বাবার দেখাশোনার চেষ্টা করেন। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে তার নিজের সংসারই চলে কষ্টে। এর মধ্যে নূর ইসলামের স্ত্রী কয়েক বছর আগে চিকিৎসার অভাবে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ফলে আর্থিক সংকটের কারণে মা-বাবার প্রয়োজনীয় দেখভাল করাও তার পক্ষে সবসময় সম্ভব হয় না।

প্রায় ছয় বছর আগে পা পিছলে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহানের। এরপর থেকেই তিনি শয্যাশায়ী। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হয়নি। স্বামী সাজু শেখ নিজেও বয়সের ভারে ন্যুব্জ। ফলে অসুস্থ স্ত্রীকে দেখাশোনা করাও তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা সজীব আহমেদ বলেন, দারিদ্র্যের কাছে অনেক সময় মানুষ জীবনের নানা স্বপ্ন হারিয়ে ফেলে। তবে সাজু শেখ ও নূরজাহানের ক্ষেত্রে এত প্রতিকূলতার মধ্যেও তাদের পারস্পরিক ভালোবাসা টিকে আছে। শারীরিক অসুস্থতা, বার্ধক্য ও অভাব—সবকিছুর মধ্যেও তারা একে অপরের পাশে রয়েছেন।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন রাজুর। তিনি দ্রুত ওই দম্পতির খোঁজ নেন। পরে সংগঠনের পক্ষ থেকে প্রায় দেড় মাসের প্রয়োজনীয় খাবার সামগ্রী সাজু শেখের হাতে তুলে দেওয়া হয়।

বিষয়টি জেলা প্রশাসনের নজরেও এসেছে। শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, বৃদ্ধ দম্পতির বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। ইতোমধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক তাদের বাড়িতে গিয়ে দেখা করে নগদ সহায়তা দিয়েছেন।

জেলা প্রশাসক আরও জানান, পরিবারটির জন্য কী ধরনের সহায়তা করা যায়, তা নিয়ে প্রশাসন চিন্তা করছে। পাশাপাশি তাদের জন্য সরকারি বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

অভাবের সংসারে চিকিৎসা ও খাবারের সংকট থাকলেও সাজু শেখ ও নূরজাহানের ৬৫ বছরের সম্পর্ক যেন আজও প্রমাণ করে—জীবনের কঠিন সময়ে সম্পদ নয়, একজন আরেকজনের পাশে থাকাটাই সবচেয়ে বড় শক্তি।

f Facebook WhatsApp
↑