Saturday, 24 October 2026
ব্রেকিং নিউজ
স্বামীকে হত্যার পর ড্রামে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ◆ পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা, চ্যাটে ফাঁস হলো রহস্য ◆ আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ ◆ কালিয়াকৈরে তরুণীর মৃত্যু, ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার ◆ ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার ◆ নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার। ◆ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ◆ চাঁদপুরে ভিন্নধর্মী উদ্যোগ: মাদক ছেড়ে তাবলিগে গেলেন দুই কারবারি ◆ কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ ◆ ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার ◆
সারাদেশ

প্রেমের টানে খুলনায় চীনা প্রকৌশলী, বাংলাদেশি তরুণীকে বিয়ে 🖨️ প্রিন্ট নিউজ

📅 11 September 2026 • 🕒 07:26 PM • 👁 97 বার
newsadminbd
newsadminbd Admin

বিস্তারিত

🖨 প্রিন্ট নিউজ

সাতক্ষীরা নিউজ বিডি | খুলনা প্রতিনিধি

প্রেমের সম্পর্কের সূত্র ধরে খুলনার দাকোপে এসে এক বাংলাদেশি নারীকে বিয়ে করেছেন চীনের নাগরিক লিও হিউ (৩৫)। পেশায় প্রকৌশলী এই চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণের পর ময়না (২৪) নামের এক বাংলাদেশি নারীকে বিয়ে করেন। বর্তমানে নবদম্পতি ময়নার বাবার বাড়ি দাকোপ উপজেলার বারুইখালী এলাকায় অবস্থান করছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দাকোপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ খায়রুল বাসার। পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে গত সোমবার তাদের বিয়ে সম্পন্ন হয়।

ময়না দাকোপ উপজেলার বারুইখালী এলাকার বিল্লাল বিশ্বাসের মেয়ে। আর লিও হিউ চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। পারিবারিক সূত্র জানায়, ময়নার এর আগে একটি বিয়ে হয়েছিল। পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তার একটি সন্তানও রয়েছে।

প্রায় নয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে লিও ও ময়নার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ময়নার সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন লিও। গত সোমবার তিনি বাংলাদেশে পৌঁছান।

পরদিন আইন অনুযায়ী নোটারি পাবলিকের এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন লিও। পরে রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে ময়নাকে বিয়ে করেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে ‘হাসিব’।

ময়না জানান, লিওর ভাষা তিনি কিছুটা বুঝতে পারেন। তবে বেশিরভাগ সময় বিভিন্ন অ্যাপের মাধ্যমে দুজনের মধ্যে যোগাযোগ হয়। লিও তার পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। পাশাপাশি বাংলাদেশের খাবার ও এলাকার পরিবেশও তার বেশ পছন্দ হয়েছে বলে জানান ময়না।

লিও হিউ জানান, বাংলাদেশে কিছুদিন অবস্থান করার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি চীনে ফিরে যাবেন।

ময়নার বাবা বিল্লাল বিশ্বাস বলেন, জামাই হিসেবে লিওকে তার পছন্দ হয়েছে। এক মাসের ছুটি শেষে লিও চীনে ফিরে যাবেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসে আনুষ্ঠানিকভাবে মেয়েকে চীনে নিয়ে যাবেন তিনি।

দাকোপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ খায়রুল বাসার বলেন, বারুইখালী এলাকায় এক চীনা যুবক বাংলাদেশি এক নারীকে বিয়ে করেছেন—এমন খবর পাওয়ার পর বিষয়টি খোঁজ নেওয়া হয়। পরে জানা যায়, ওই চীনা নাগরিক বৈধভাবে বাংলাদেশে এসে স্থানীয় এক নারীকে বিয়ে করেছেন।

f Facebook WhatsApp
↑