সত্য প্রকাশে, মানুষের পাশে
প্রকাশিত: 21 September 2026   |   08:57 PM   |   https://newssatkhirabd.com
সারাদেশ

ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার 🖨️ প্রিন্ট নিউজ

প্রতিবেদক: newsadminbd   |   প্রকাশিত: 21 September 2026   |   08:57 PM

ঝাড়ফুঁকের নামে পঞ্চম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের প্রাক্তন নেতা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামে জামায়াতে ইসলামীর সাবেক এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের পশ্চিম খানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান।

অভিযুক্ত আলমগীর শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ইউনুছ আলীর ছেলে এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক।

মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মাথাব্যথার কারণে সে একটি ওষুধের দোকানে যায়। অভিযুক্ত আলমগীর ওষুধ বিক্রির পাশাপাশি ঝাড়ফুঁকের কাজ করতেন। মাথাব্যথা ভালো করে দেওয়ার কথা বলে তিনি শিশুটিকে দোকানের পেছনের কক্ষে নিয়ে যান এবং সেখানে তাকে বলাৎকার করেন। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেন তিনি। পরবর্তীতে শিশুটির শারীরিক অসুবিধা দেখা দিলে পরিবারের সদস্যরা কারণ জানতে চান। তখন শিশুটি বিষয়টি পরিবারকে খুলে বলে।

এ ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার বিষয়ে শরীফপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন জানান, আলমগীর ২০২২ সাল পর্যন্ত দলের ৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন। তবে বর্তমানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় এবং দলের সাথে তার কোনো সম্পর্ক নেই।

বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, শনিবার রাতে মামলা দায়েরের পর পরই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।