ন্যাম ভবনে সাতক্ষীরা–৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববারের (২০ সেপ্টেম্বর) এই ঘটনাটি সন্ধ্যার দিকে প্রকাশ্যে আসে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের সময় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম নিজেই ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তার সূত্রে জানা যায়, দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার গ্রহণের পর বেলা সাড়ে ৩টার দিকে তারা নিজ নিজ কক্ষে যান। পরবর্তীতে বিকেল ৫টার পর ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়ে রুমের দরজা বন্ধ দেখতে পান তারা। একপর্যায়ে জানালা দিয়ে মরিয়মকে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনার বিস্তারিত অনুসন্ধান এবং আলামত সংগ্রহের জন্য সিআইডির ফরেনসিক ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান।