সত্য প্রকাশে, মানুষের পাশে
প্রকাশিত: 18 September 2026   |   09:21 PM   |   https://newssatkhirabd.com
ঢাকা

রাজশাহীতে নারীসহ সাবেক ওসিকে ফ্ল্যাট থেকে উদ্ধার 🖨️ প্রিন্ট নিউজ

প্রতিবেদক: newsadminbd   |   প্রকাশিত: 18 September 2026   |   09:21 PM

রাজশাহী নগরের নাদের হাজির মোড়সংলগ্ন একটি ফ্ল্যাটে দুই ঘণ্টার বেশি সময় ভেতর থেকে দরজা বন্ধ করে অবস্থানের পর সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব আলম ও এক নারীকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের দুজনকেই চন্দ্রিমা থানায় নেওয়া হয়।

মাহবুব আলম চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বর্তমানে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে। নওগাঁর নারী উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা আন্নি আক্তারের দাবি, তিনি মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে মাহবুবের অবস্থান জানতে পেরে শুক্রবার সকালে ওই ফ্ল্যাটের দরজায় গিয়ে তিনি কড়া নাড়েন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

আন্নির অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ভেতর থেকে দরজা না খোলায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দরজা ভেঙে মাহবুব আলম ও ওই নারীকে বের করে আনেন।

উদ্ধারের সময় মাহবুব আলম সঙ্গে থাকা নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেন। তবে ঘটনাস্থলে তিনি ওই সম্পর্কের কোনো কাবিননামা দেখাতে পারেননি।

আন্নি আক্তার জানান, চলতি বছরের শুরুতে মাহবুব আলমের সঙ্গে তার বিয়ে হয়। তিনি অভিযোগ করেন, মাহবুব যেসব জেলায় দায়িত্ব পালন করেন, সেখানেই বিয়ে করেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান। এর আগেও পদ্মা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে মাহবুবের সঙ্গে একই নারীকে দেখতে পেয়েছিলেন বলে দাবি করেন আন্নি। তবে সামাজিক সম্মানের কথা বিবেচনা করে তখন বিষয়টি প্রকাশ্যে আনেননি বলে জানান তিনি।

এদিকে মাহবুব আলমের দাবি, আন্নি আক্তারকে তিনি চার দিন আগে তালাক দিয়েছেন। এ-সংক্রান্ত কাগজপত্র থানায় জমা দেওয়ার কথাও জানান তিনি। তবে আন্নি আক্তার বলেছেন, তিনি কোনো তালাকের নোটিশ বা কাগজ হাতে পাননি।

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগ

মাহবুব আলমের ব্যক্তিগত বিষয় নিয়ে অভিযোগের পাশাপাশি অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের বিষয়টিও সামনে এসেছে।

সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানিয়েছেন, রাজশাহীতে যাওয়ার জন্য মাহবুব আলমের কোনো ছুটি ছিল না। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি থাকার সময় এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাহবুব আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল।