নিউজ সাতক্ষীরা বিডি
সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে অবৈধভাবে পরিচালিত এক ভেজাল সার ও কীটনাশক কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে কারখানার মালিক মশিয়ার রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্যমতে, লাউতাড়া গ্রামের মশিয়ার রহমান দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির পাশে গোপনীয়ভাবে ভেজাল ও নিম্নমানের উপাদান দিয়ে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের সার ও কীটনাশক প্রস্তুত করে বাজারজাত করে আসছিলেন। সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রস্তুতকৃত ভেজাল সার, কীটনাশক এবং তৈরির নানা সরঞ্জাম জব্দ করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার ও কৃষি আইন লঙ্ঘনের দায়ে কারখানার মালিক মশিয়ার রহমানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সাধারণ কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে ভেজাল সারের কারণে তারা মাঠের ফসলে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছিলেন। প্রশাসনিক এই তাৎক্ষণিক পদক্ষেপে এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।