নিউজ সাতক্ষীরা বিডি ডেস্ক: সাতক্ষীরা আদালতের বিচারক সংকট, জনবল ঘাটতি ও অবকাঠামোগত নানা সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।
আইনমন্ত্রী বলেন, সাতক্ষীরা বিচার বিভাগের স্থানীয় সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত শোনা হয়েছে। এসব সমস্যা সমাধানে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং কীভাবে দ্রুত উত্তরণ সম্ভব, সে বিষয়ে সংশ্লিষ্টদের সুপারিশও নেওয়া হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সাতক্ষীরার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন মন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।
সভায় সীমান্তবর্তী জেলা সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান আইনমন্ত্রী। তিনি বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে সামারি ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। মাদক নির্মূলে দ্রুত বিচার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
বিচারপ্রার্থীদের দ্রুত বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বিচারকদের কর্মঘণ্টা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
আইনমন্ত্রী বলেন, লিগ্যাল এইড কার্যক্রমকে আরও জনবান্ধব করতে হবে। পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ বাড়াতে হবে। এতে মামলা জট কমানোর পাশাপাশি বিচারপ্রার্থীদের দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ তৈরি হবে।
বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে মো. আসাদুজ্জামান আরও বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দও দেওয়া হবে। সাতক্ষীরায় নতুন করে যে ২৩টি কোর্ট সৃজন করা হয়েছে, সেসব আদালতে দ্রুত বিচারক ও প্রয়োজনীয় স্টাফ নিয়োগ দেওয়া হবে।
পরে আইনমন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। তারা সাতক্ষীরার বিভিন্ন সমস্যা ও জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
এদিকে, বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আরও একটি দলীয় সভায় আইনমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।