যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসির প্রযুক্তিগত সহায়তায় আগস্ট মাসে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সময়ে প্রতারণা এবং ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া নগদ ও বিকাশের ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করে ১১ জন প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে।
সাইবার সেল সূত্র জানায়, বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো মোবাইল ফোনগুলোর সন্ধান করে সেগুলো উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া হারিয়ে যাওয়া ১২টি ইমো ও ২৮টি হোয়াটসঅ্যাপ আইডিও পুনরুদ্ধার করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তি ও ভিকটিম উদ্ধারের ক্ষেত্রেও থানা পুলিশকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে সাইবার সেল। এ সহায়তায় ছয়জনকে উদ্ধার করা হয়েছে।
সাইবার অপরাধ প্রতিরোধের পাশাপাশি ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেপ্তারেও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।