নিউজ সাতক্ষীরা বিডি
সাতক্ষীরার কলারোয়ায় দীর্ঘ ১০ বছরের প্রবাসজীবনের কষ্টার্জিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী স্বামী মোঃ হাবিবুল্লাহ (৩৫) বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিংগা গ্রামের বাসিন্দা মোঃ হাবিবুল্লাহর সঙ্গে প্রায় ১৩ বছর আগে ইসলামী শরিয়াহ মোতাবেক মোছাঃ হিরা খাতুন (৩২)-এর বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে ১২ বছরের একটি পুত্রসন্তান ও ৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। জীবিকার তাগিদে হাবিবুল্লাহ দীর্ঘ ১০ বছর মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।
অভিযোগে প্রবাসী স্বামী উল্লেখ করেন, তিনি প্রবাসে থাকার সুযোগে তাঁর স্ত্রী হিরা খাতুন এলাকার মোঃ সাইদুর রহমান (৩৩)-এর সঙ্গে গোপনে পরকীয়ায় জড়িয়ে পড়েন। দীর্ঘ প্রবাসজীবন শেষে হাবিবুল্লাহ বাড়িতে ফেরার মাত্র তিন দিনের মাথায়, গত ২৫ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে, তাঁর অনুপস্থিতির সুযোগে স্ত্রী হিরা খাতুন সাইদুরের কু-পরামর্শে বাড়ি থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, যাওয়ার সময় হিরা খাতুন প্রবাসী স্বামীর কষ্টার্জিত নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৪ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার—যার আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা—এবং পরনের জামাকাপড় নিয়ে যান।
পরবর্তীতে তারা দুজন বেআইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলেও জানা গেছে। দুই নাবালক সন্তানকে ঘরে রেখে স্ত্রী চলে যাওয়ায় অসহায় ও দিশেহারা হয়ে পড়েছেন প্রবাসী হাবিবুল্লাহ।
বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে হাবিবুল্লাহ কলারোয়া থানায় হাজির হয়ে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।