সত্য প্রকাশে, মানুষের পাশে
প্রকাশিত: 08 September 2026   |   03:43 PM   |   https://newssatkhirabd.com
কালিগঞ্জ

কালিগঞ্জে মাছ ধরার জালে আগুন: ৫ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি 🖨️ প্রিন্ট নিউজ

প্রতিবেদক: newsadminbd   |   প্রকাশিত: 08 September 2026   |   03:43 PM

নিউজ সাতক্ষীরা বিডি (কালিগঞ্জ প্রতিনিধি)

সাতক্ষীরার কালিগঞ্জে বসতঘরের বারান্দায় গচ্ছিত রাখা মাছ ধরার বেড়জালে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী শংকর সরকার। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা গ্রামে এই ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত শংকর সরকার ওই গ্রামের প্রয়াত পরিতোষ সরকারের ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘেরে মাছ ধরার কাজে ব্যবহৃত ৮ থেকে ৯টি বেড়জাল শংকর সরকারের বাড়ির বারান্দায় তুলে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা সেসব জালে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে ঘরের বাইরে থেকে শেকল আটকে দেওয়া হয় বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন।

এ ঘটনায় একই এলাকার মৃত মান্দার মোড়লের ছেলে শোকর আলীকে অভিযুক্ত করেছে ভুক্তভোগী পক্ষ। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাতে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত পানি ছিটিয়ে তা নেভানোর চেষ্টা চালান। ফলে বসতঘরের অন্যান্য আসবাবপত্র ও মালামাল রক্ষা পেলেও বারান্দায় থাকা বেড়জালগুলো সম্পূর্ণ ছাই হয়ে যায়। শংকর সরকারের দাবি, আগুনে তার প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

ঘটনার পরপরই কালিগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুশান্ত কুমার ঘোষ জানান, মৌখিকভাবে খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লিখিত অভিযোগ জমা পড়লে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।